আমার সংবাদ ডেস্ক
জুন ৮, ২০২৬, ০২:৪৫ পিএম
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার অভিযোগে এ মামলা করা হয়।
সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন পক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এ মামলায় গ্রেপ্তার হয়ে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনারসহ পুলিশের সাবেক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তি।
এর আগে ১০ মে ট্রাইব্যুনাল তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় চারজন আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
এম জি