নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৮:২১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, বাকস্বাধীনতা না থাকলে ভাষা থেকেও লাভ হয় না। সরকারের নানা পদক্ষেপের ফলে বাংলাদেশে এমন এক ভয়ের সংস্কৃতি চালু হয়েছে, যেখানে অনেকেই মুক্তভাবে তাদের মনের কথা বলতে পারছেন না।
তিনি বলেন,সমাজ, রাষ্ট্রে মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা যদি রক্ষিত না হয় তাহলে অশুভ শক্তির বিকাশ দৃশ্য-অদৃশ্য সব স্তরে ঘটে। ফলে সহনশীল সংস্কৃতির পরিবর্তে, অসহনশীল দানবীয় সংস্কৃতি জায়গা করে নেয় যা রাষ্ট্র ও সমাজকে আক্রান্ত করে এবং সৃষ্টিশীলতার পথ স্বাভাবিকভাবেই রুদ্ধ হয়ে আত্মবিকাশের প্রশ্ন হয়ে ওঠে সাংঘর্ষিক। এজন্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মূল শর্ত পক্ষ-বিপক্ষের চিন্তার অধিকার রক্ষা করা।
সম্ভাবনার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত "ভাষা দিবসের চেতনা ও আজকের বাংলাদেশ" শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন।
দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও সাংবাদিকগণ সেমিনারে বলেন, মুক্তিযু্দ্ধের চেতনার কথা বলে মানুষের ভোটের অধিকার হরণ করে একদলীয় শাসন জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে।এর বিরুদ্ধে আজ কথা পর্যন্ত বলা যাচ্ছে না। প্রকৃত ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান তমাদ্দুন মজলিসের নাম উচ্চারণ করা হয় না। সালাম বরকত রফিক জব্বারদের নাম বাদ দিয়ে এক ব্যক্তির অবদান নিয়ে কোরাস গাওয়া হচ্ছে।এভাবে ইতিহাস বিকৃতির মচ্ছব শুরু হয়েছে। শুধু তা-ই নয়, ক্ষমতা দখলে সহযোগিতার বদৌলতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো চক্রান্ত চলছে। আমাদের ভাষা ,সংস্কৃতি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হবে। দিল্লির আধিপত্যবাদ থেকে আমাদের বাংলা ভাষা ও শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। আধিপত্যবাদের পক্ষের শক্তি তাদের সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজ সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা নিয়ন্ত্রণের ব্যবস্থা ইতোমধ্যে করে ফেলেছে। জাতীয় ইতিহাস-ঐতিহ্য বিরোধী পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে যেন ভবিষ্যত প্রজন্ম অখন্ড ভারত প্রেমিক হয়ে উঠে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সম্ভাবনার বাংলাদেশের উদ্যোগ আয়োজিত সেমিনারে বক্তারা এইসব কথা বলেন। দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ড. আব্দুল মান্নানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী, কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা সিটি কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নূর নবী মানিক।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, আজকে যে সংগ্রাম, তা আমাদের বেঁচে থাকার সংগ্রাম। বাংলা ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস আজও লেখা হয়নি। পাল আমলে বাংলা ভাষা ও জ্ঞান চর্চা হয়েছে। সেন রাজারা বাংলার মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে এবং বাংলা ভাষা চর্চা ও কথা বলা নিষিদ্ধ করেছিল।
বৌদ্ধ থেকে এবং হিন্দু থেকেও মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সাম্যের বাণী দেখে। বাংলায় ইসলাম প্রচার ও প্রসারে সূফী আন্দোলন ও আলেম উলামাদের ভূমিকা অনেক।
তিনি আরও বলেন, সর্বস্তরে বাংলা ভাষা আজও চালু হয়নি। আজ শাসক গোষ্ঠীর কারণে বাংলা ভাষা সর্বস্তরে চালু হয়নি। বাংলা ভাষা আজ অবহেলিত। দেশে আজ বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। আমি নিজে একটি শিক্ষা কমিশনের সদস্য ছিলাম কিন্তু আজও সেই কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন হয়নি।
আজ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে। আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে শিক্ষা দেয়ার কথা সে শিক্ষা পাচ্ছে না আমাদের সন্তানেরা। আজ শিক্ষার নামে কুশিক্ষা প্রদান করা হচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা সম্ভব নয়।
প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম বলেন, ১৯৪৭ সালের স্বাধীনতার প্রকৃত শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারতাম তবে আমরা আরও উন্নত হতাম। শেখ হাসিনা কথায় কথায় মদীনা সনদের কথা বলেন। কাওমি জননী খেতাব প্রাপ্ত হন। কিন্তু তিনি সেই অনুযায়ী দেশ চালান না। জাতি রাষ্ট্র নির্মাণে মুসলিম মূল্যবোধ গঠনের বিকল্প নেই। বাংলাদেশের মুসলমানরা যে ভাষায় কথা বলে সেটাই বাংলা ভাষা এবং বাংলাদেশের কালচার। বাংলাদেশ স্বাধীন থাকবে না? যদি না আমরা ঈমানী শক্তিতে বলিয়ান না হয়। এদেশের তরুণরা যদি এগিয়ে না আসে তবে আমাদের ভাষা সংস্কৃতি রক্ষা কঠিন হবে।
কবি আবদুল হাই শিকদার বলেন, একুশে বই মেলায় ভিন্ন মত পোষণ করার জন্য স্টল বরাদ্দ দেওয়া হয় না অনেক বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানকে। ইসকনকে বই মেলায় স্টল বরাদ্দ দেয়া হলো। আওয়ামী দূষিত চেতনার কারণে আজ বাংলা ভাষা হুমকির মুখে এবং মুসলিম সংস্কৃতি হুমকির মুখে। বৌদ্ধ শাসন সময়ে বাংলা ভাষার চর্চা হয়। বাংলায় সেন আগ্রাসনের সময় বৌদ্ধদের উপরে গণহত্যা চালায়। সেন রাজারা জাতিগত বৈষম্যের বর্ণ প্রথা চালু করে এবং বাংলা ভাষা চর্চা ও কথা বলা নিষিদ্ধ করে। বাংলা ভাষায় কথা বললে জিহ্বা কেটে ফেলা হতো সেন শাসনকালে। রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে বাংলার বৌদ্ধ ও মুসলমানদের এবং বাংলা ভাষাকে রক্ষা করেন বখতিয়ার খলজি। বর্তমান ফ্যাসিস্ট সরকার বিজিপির ফর্মুলা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বখতিয়ারের বাংলা জয়ের পর বাংলা ভাষা রাজ দরবারে ভাষার সম্মান লাভ করে। মুসলমানরা যদি বাংলা বিজয় না করতো তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত।
আরএস