নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৪৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রধান আসামি যদি বিদেশে গিয়ে থাকে, তবে তা বৈধ পথে যায়নি। বর্তমানে তার সঠিক অবস্থান আমাদের জানা নেই। জানলে আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করতাম।”
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং ইতিপূর্বে যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামির স্ত্রী ও বাবা-মাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বরের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সব কৌশল প্রকাশ করা সম্ভব নয়, তবে প্রশাসন এ বিষয়ে সম্পূর্ণ সতর্ক রয়েছে।”
নিজের পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন নাকচ করে দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পদত্যাগ করলে তো আজ এখানে বসে সভা করতাম না।” এছাড়া নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনীতিবিদকে ইতিমধ্যে অস্ত্রসহ গানম্যান দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
গোয়েন্দা সংস্থার তালিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের এই নিরাপত্তা দেওয়া হচ্ছে, যদিও অনেকেই গানম্যান নিতে অনীহা প্রকাশ করেছেন বলে তিনি জানান।
ইএইচ