আমার সংবাদ ডেস্ক
মার্চ ২, ২০২৬, ০৭:৪৪ পিএম
বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে এই সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন রোগ নির্ণয়ের কিট ও সরঞ্জাম সরবরাহ এবং দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর চিকিৎসক ও গবেষকদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে চীনের বিশেষ সহায়তা চান।
স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে চীন তার দেওয়া সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করবে। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করতে চীন সর্বদা প্রস্তুত। এটি সাধারণ হাসপাতাল হোক বা বিশেষায়িত সহযোগিতা করতে তারা পিছপা হবে না বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত আরও জানান, উচ্চশিক্ষায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসক ও গবেষকদের আবাসনের বিষয়ে সহযোগিতা করতে চীন বিশেষভাবে আগ্রহী।
রাষ্ট্রদূত গত কয়েক বছরে স্বাস্থ্যখাতে চীনের ভূমিকা তুলে ধরে বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন থেকে দ্রুত চিকিৎসক দল পাঠানো হয়েছে। এছাড়া দেশের রোবোটিক রিহেবিলিটেশন সেন্টারে ৮২টি অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশি মেডিকেল স্টাফদের নিয়মিত চীনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, উত্তরবঙ্গ তুলনামূলক অবহেলিত ও অনুন্নত এলাকা। তাই চীনের সহযোগিতায় প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি উত্তরবঙ্গে নির্মাণ করাটাই হবে সবচেয়ে যুক্তিযুক্ত। এ সময় স্বাস্থ্য সচিব খোরশেদ আলম এবং ঢাকার চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর