ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডিএনসিসি প্রশাসক

পরিবেশ ছাড়পত্র পেলেই শুরু হবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৫:২৪ পিএম

পরিবেশ ছাড়পত্র পেলেই শুরু হবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট টু এনার্জি) উৎপাদন প্রকল্পের কাজ পরিবেশ ছাড়পত্র না পাওয়ায় বর্তমানে আটকে আছে। 

মঙ্গলবার সাভারে ডিএনসিসির আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রশাসক শফিকুল ইসলাম বলেন, "আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের কাজ পরিবেশ ছাড়পত্র না পাওয়ায় আটকে আছে। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলব। পরিবেশ ছাড়পত্র পাওয়ার পর আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে ল্যান্ডফিল এলাকার সমস্যাগুলো তুলে ধরে তিনি জানান, এই এলাকায় মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার কারণে মাঝে মাঝেই আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ডিএনসিসি গুরুত্বসহকারে আমলে নিয়েছে এবং সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ডিএনসিসির এই 'ওয়েস্ট টু এনার্জি' প্রকল্প বাস্তবায়নে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে। তবে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র এখনো না পাওয়ায় প্রকল্পের মূল কার্যক্রম স্থগিত রয়েছে।

পরিদর্শনকালে প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমান।

জেএইচআর

Link copied!