আমার সংবাদ ডেস্ক
মার্চ ৯, ২০২৬, ০২:৩২ পিএম
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আঙিনায় ‘ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক’ এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবায়নে এই মহড়াটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক প্রযুক্তির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এর মধ্যে ছিল উঁচু মইয়ের সাহায্যে উদ্ধার, রোপ স্লাইডিং, রোপ র্যাপলিং এবং জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ে আত্মরক্ষার কৌশল। এছাড়া বিধ্বস্ত ভবনে অনুসন্ধান চালিয়ে ভিকটিম উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণের প্রক্রিয়াগুলোও বাস্তবিকভাবে তুলে ধরা হয়।
মহড়ার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ফায়ার সার্ভিসের ‘কমিউনিকেশন ভলান্টিয়ার ইউনিট’-এর কার্যক্রম। তারা ভ্রাম্যমাণ কমিউনিকেশন স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশ নেপালের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের তত্ত্বাবধানে এই মহড়া পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১ লাখ ভলান্টিয়ার তৈরির নির্দেশনা দিয়েছেন, যা বাস্তবায়নে আমরা কাজ করছি। দেশের অগ্নি-নিরাপত্তা নিশ্চিতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের মহড়ার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ও মহড়া পরিচালনা করে থাকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। প্রেস বিজ্ঞপ্তি।
জেএইচআর