আমার সংবাদ ধর্ম ডেস্ক
মার্চ ১৭, ২০২৬, ১২:০০ এএম
হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের ইবাদতে মগ্ন সারাদেশ। সোমবার সন্ধ্যার পর থেকেই মহিমান্বিত এই রাতের বরকত ও সওয়াব হাসিলের আশায় রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ভিড় জমিয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান।
পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিশেষ রজনী উদযাপনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদে রাতব্যাপী বিশেষ ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, জিকির এবং আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এশার নামাজ ও তারাবির পর মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিল শেষে অনেক স্থানে তবারক বিতরণ করা হয়। এরপর থেকে গভীর রাত পর্যন্ত মুসল্লিরা যার যার মতো করে নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল রয়েছেন। পাপে মোচন ও রহমত লাভের আশায় আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়ছেন অগুনিত মানুষ।
ইসলামিক চিন্তাবিদদের মতে, এই রাতে মহান আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত বর্ষিত হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এটি এক সুবর্ণ সুযোগ। বিশেষ করে পবিত্র রমজান মাসের এই রজনীতেই মানবতার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল, যা এই রাতের গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুরুষরা মসজিদে গিয়ে ইবাদতে মশগুল থাকলেও নারীরা নিজ নিজ বাড়িতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।
পবিত্র শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি এই রাতের অসীম বরকত কামনা করে বলেন, লাইলাতুল কদরের শিক্ষা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক হয়। তিনি দেশবাসীকে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান জানান।
জেএইচআর