আমার সংবাদ ডেস্ক
মে ১৮, ২০২৬, ০৬:২০ পিএম
ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, কৃষকদের জমির মালিকানা যেন তাদের হাতেই থাকে এবং ভূমি ব্যবস্থায় কোনো ধরনের দখলদারিত্ব সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সোমবার সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত মামলা, জটিলতা ও প্রশাসনিক ভোগান্তির কারণে সাধারণ মানুষ নানা সমস্যার মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে ভূমি অফিসের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ও হয়রানির অভিযোগও ছিল। এসব সমস্যা কমিয়ে সাধারণ মানুষের জন্য ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ চলছে। জনগণকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার থেকে ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন দেশের ৮৯৩টি সার্ভিস সেন্টারের মাধ্যমে নাগরিকরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
এম জি