আমার সংবাদ ডেস্ক
মে ৩০, ২০২৬, ০৩:৪৭ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর বাধাহীন ও স্বাভাবিক পরিবেশে দিবসটি পালন করতে পেরে তারা সন্তুষ্ট।
শনিবার রাজধানীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত প্রায় ১৭ বছর নানা প্রতিবন্ধকতার কারণে এ দিবসটি স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। তবে এবার নেতাকর্মীরা অনেক বেশি স্বচ্ছন্দ ও স্বাধীন পরিবেশে তাদের নেতাকে স্মরণ করার সুযোগ পেয়েছেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় আধুনিক চিন্তা, সুশাসন এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির ভিত্তি স্থাপনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার প্রবর্তিত নীতিমালা এবং রাষ্ট্রচিন্তা এখনো প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি এগিয়ে যাচ্ছে। একই ধারাবাহিকতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এবং আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, দেশে চলমান বিভিন্ন সংস্কার উদ্যোগেও জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনা ও রাষ্ট্রদর্শনের প্রতিফলন রয়েছে। ভবিষ্যতেও তার দেখানো পথ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এম জি