আমার সংবাদ ডেস্ক
জুন ১৬, ২০২৬, ০৬:১১ পিএম
বিশিষ্ট সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি সিএমএইচের জরুরি বিভাগে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ সাংবাদিককে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সময় সিএমএইচের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সুলতানাসহ অন্যান্য ঊর্ধ্বতন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মুশফিকুল ফজল আনসারীর মৃদু হৃদরোগজনিত জটিলতার (মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ) ইঙ্গিত পাওয়া যায়। এরপর চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তাঁর শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য আগামীকাল বুধবার সকালে সিটি অ্যানজিওগ্রাম (CT Angiogram) করা হবে। এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে, বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কবির বিটুকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে গিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
বর্তমানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জেএইচআর