আমার সংবাদ ডেস্ক
জুন ২৩, ২০২৬, ০৪:৩৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের দারুণ সব চুম্বক অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া জনপ্রিয় গান ‘মহাজাদু’।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ভিডিওটি প্রকাশ করা হয়।
পোস্টে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের উচ্চপর্যায়ের বৈঠক, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজনসহ নানা চমৎকার কর্মসূচি তুলে ধরা হয়েছে।
পুরো ভিডিওজুড়েই ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি বাজতে দেখা যায় এবং এর মাঝেই একটি বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে।
সেখানে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়, “অবশ্যই, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করবো।”
তিনি আরও যোগ করেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, যাতে এই মানবিক সমস্যার একটি আংশিক বা স্থায়ী সমাধান করা যায়।
দক্ষিণ এশিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম জানান, আর্থিক উন্নয়ন ও উভয় দেশের মানুষের মঙ্গলের জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার এখনও অনেক বড় সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি এই নতুন চুক্তি মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও অনেক বেশি শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বড় সহযোগিতার জন্য নতুন সুযোগ উন্মুক্ত করবে বলে দৃঢ় বিশ্বাস করেন তিনি।
এএন