আমার সংবাদ ডেস্ক
জুলাই ৭, ২০২৬, ০৩:৫১ পিএম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করাই বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের আগেই সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সমস্যাগুলো চিহ্নিত করেছিল। সে কারণেই অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে নাগরিকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের আর্থিক খাতের উন্নয়ন নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বিমা খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বিমা খাতের সার্বিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএন