মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
জুলাই ৭, ২০২৬, ০৪:৪২ পিএম
হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সাথে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাঁদের মতামত, পরামর্শ এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও জেলা পরিষদ ও গণমাধ্যমের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা।
জেএইচআর