নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫, ০৬:২৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালো দিকে এগোবে না। গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।
রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার আয়োজন করা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে।
আমীর খসরু বলেন, দেশের শিক্ষা প্রায় ধ্বংসপ্রায়। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছে, কিন্তু ভোকেশনাল রিকোয়্যারমেন্টে কেউ মনোযোগ দিচ্ছে না। চীনের উদাহরণ টেনে তিনি বলেন, স্কুল থেকেই শিক্ষার্থীদের ৬০ শতাংশ ভোকেশনাল স্কুলে যায়, তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেশিনিস্ট হয়ে বের হয় এবং দেশের অর্থনীতিকে টেনে নেয়।
তিনি বলেন, বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান। ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে বেকার তরুণ-তরুণীকে কর্মজীবনে যুক্ত করা হবে। কল সেন্টার শিল্পসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমীর খসরু আরও বলেন, সাংঘর্ষিক রাজনীতি নয়, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন। তারেক রহমান কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চান না। প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না।
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশের উন্নয়ন, কর্মসূচি বা রাষ্ট্র গঠন সম্ভব নয়। এখন আর স্লোগানের রাজনীতি নয়, বরং নতুন প্রজন্মের চিন্তা, যুক্তি ও তথ্যের মানদণ্ডে রাজনীতি গড়ে তুলতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ভেঙে পড়ার পর দেশের মানুষের মধ্যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে। বিএনপি সেই প্রত্যাশা ধারণ করছে এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছে।
ইএইচ