নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:০৬ পিএম
সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর পরপরই জুলাই অভ্যুত্থানের অন্যতম আইকন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির কফিন পৌঁছানোর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বিমানবন্দরে উপস্থিত হয়ে শহীদ হাদির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা ওসমান হাদিকে জুলাই গণ-অভ্যুত্থানের এক অকুতোভয় সেনানী হিসেবে অবিহিত করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আপসহীন লড়াই বর্তমান প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।" তিনি আরও উল্লেখ করেন যে, এমন একজন সম্ভাবনাময় তরুণ নেতাকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি নেতারা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও পর্দার অন্তরালের কুশীলবদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শহীদ হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাঁকে জাতীয় কবির সমাধির পাশে সমাহিত করা হবে।
ইএইচ