নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:০৯ পিএম
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
শনিবার দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির মতে, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো সেই উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে দেশে জানমালের নিরাপত্তা ও আইনের শাসনের চরম অবনতি ঘটেছে। উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো উৎসাহ না থাকায় এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছে দলটি। নির্বাচনকে সামনে রেখে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও অভিযোগ করা হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, একটি গণতান্ত্রিক ও নির্বাচনী দল হিসেবে কৃষক শ্রমিক জনতা লীগ সবসময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা এই নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৯ সালে উপ-নির্বাচনের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই দলটি দীর্ঘ সময় পর জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল।
ইএইচ