নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৪৬ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং মায়ের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর এটি ছিল মায়ের সঙ্গে তারেক রহমানের তৃতীয়বারের মতো সাক্ষাৎ। এর আগে গত শনিবার রাতেও তিনি প্রায় দুই ঘণ্টা হাসপাতালে অবস্থান করেছিলেন। তারেক রহমানের আগমনের আগে আজ সকাল থেকেই পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ভিড় করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েক দফায় হাসপাতালে এসে শাশুড়ির চিকিৎসার তদারকি করেন।
এ ছাড়া বড় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, নাতনি জাইমা রহমান ও জাহিয়া রহমানও আজ হাসপাতালে উপস্থিত ছিলেন। রাত ১০টা ২৩ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে পৌঁছান।
সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় হাসপাতাল এলাকায় নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বিজিবি ও পুলিশের পাশাপাশি দলীয় নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে হাসপাতালের প্রধান ফটক ঘিরে রাখা হয়েছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ্রোগ, কিডনি ও ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গত শনিবার দিবাগত রাতে এক জরুরি ব্রিফিংয়ে জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে একটি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। বর্তমানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ নিয়মিতভাবে চলছে।