নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:০৩ এএম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও নানাবিধ জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। শেষ দিকে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।
মৃত্যুর সময় হাসপাতালের শয্যাপাশে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও কন্যারা, ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর পরিবার এবং বড় বোন সেলিনা ইসলাম। রাজনৈতিক সহকর্মীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সেখানে অবস্থান করছিলেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে। বৃহৎ পরিসরে এই জানাজার আয়োজন সম্পন্ন করতে দলীয়ভাবে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা নিয়ে চলতি বছরের শুরুতে লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেও তাঁর শারীরিক দুর্বলতা কাটেনি।
গত ২৩ নভেম্বর গুরুতর অবস্থায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাসেরও বেশি সময় নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ জীবনাবসান হলো এই ‘দেশনেত্রী’র।
তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং অবসান ঘটেছে দীর্ঘ চার দশকের এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের।
ইএইচ