তারেক পাঠান, পলাশ (নরসিংদী)
জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৩১ পিএম
আমরা মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা পলাশে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আসুন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করি এবং মানুষের স্বাধীনতা নিশ্চিত করি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এখানে সকলে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা পলাশকে সুন্দর ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-২ পলাশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এসব কথা বলেন।
সোমবার বিকেলে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবালয় মাঠে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, সুশিক্ষা ব্যতীত আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এজন্য সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিন।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএইচ