আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:০০ পিএম
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ১৮ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
যাদের বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও ড. নজরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত উল্যাহ লিটন, মমিন উল্যাহ চেয়ারম্যান, মির্জা মো. সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল হক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাস্টার দলিলুর রহমান, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন, পৌর বিএনপির সদস্য মহিউদ্দিন কমিশনার ও শহীদ উল্যাহ হেলাল।
বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান দলীয় সূত্রে জানা গেছে, এই নেতারা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী মফিজুর রহমানের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, আমরা দলের বিপক্ষে নই, প্রার্থীর বিপক্ষে। স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন, তাই আমরা তাঁর সাথে আছি। বহিষ্কারের খবর শুনেছি, তবে এখনো লিখিত কোনো চিঠি পাইনি।
জেএইচআর