জহিরুল হক রাসেল, কুমিল্লা
জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৪১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানেরা চব্বিশে হিমালয়ের সমান ফ্যাসিবাদকে তাড়িয়েছে, তারা ঘুমিয়ে পড়েনি। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন, তবে এ যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া কারও ভোটের দিকে হাত বাড়াবেন না।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’ এ স্লোগান এখন আর চলবে না। এখন আমারটা আমি দেব, তোমারটা তুমি দাও। আমার যাকে পছন্দ আমি দেব, তোমার যাকে পছন্দ তাকে দাও। এর নাম হচ্ছে গণতন্ত্র।
জামায়াতের আমির বলেন, এ দেশটা সবার, শুধু আমার একার নয়। সাধারণ মানুষসহ সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটি সভ্য দেশ গড়তে পারব। এ দেশকে এখনো সভ্য বলা যাবে না। যে দেশের পথেঘাটে সর্বত্র চাঁদাবাজি হয়, তা কখনো সভ্য দেশ হতে পারে না।
তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজদের আহ্বান করব তোমরাও আমাদের সন্তান, চাঁদাবাজি ছেড়ে দাও। হারামের দিকে হাত বাড়িয়ো না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিয়ো না। তওবা করে ফিরে আসলে তোমাদের বুকে টেনে নেব এবং প্রশিক্ষিত করে হাতে কাজ তুলে দেব।
বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে যুবকদের আমরা অসম্মান করতে চাই না। আমাদের যুবকরা মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য লড়াই করেছে। আমরা কথা দিচ্ছি, তোমাদের হাতকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে গড়ে তুলব। তখন সবাই মাথা উঁচু করে বলতে পারবে আমিই বাংলাদেশ।
সাফল্য ও অধিকারের বিষয়ে তিনি বলেন, এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমরা মিলেমিশে এ দেশটাকে ফুলের বাগানের মতো গড়ব। সকল ধর্মের মানুষ তার প্রাপ্য অধিকার পাবে। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশ নেবে। সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের। দেখবে তিনি যোগ্য কি না আর তার মাঝে দেশপ্রেম আছে কি না।
কুমিল্লা-৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
ইএইচ