জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:১৫ পিএম
লুটপাটকারী ও ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপী হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেন। কিন্তু ভোটটা তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন ও সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দিবেন যে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।’
বিদেশে অবস্থানরত প্রার্থীদের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, শীতকালে যেমন অতিথি পাখিরা আসে এবং সময় শেষে উড়ে চলে যায়, ঠিক একইভাবে একটি দল লন্ডন ও আমেরিকা থেকে আসা ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে। এসব বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে।
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘হাসিনার মতো আর কোনো দোসর বা ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। কোনো কোনো দল মুখে এক কথা বললেও ভেতরে অন্য কাজ করছে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকতে হবে।’
শাহজাদপুর উপজেলা এনসিপি আয়োজিত এ পথসভায় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
ইএইচ