আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:৩৭ পিএম
জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। তবে দলটি কোনো জাতীয় সরকারে অংশ নেবে না বরং শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান আব্দুল্লাহ তাহের।
সাংবাদিকদের আব্দুল্লাহ তাহের বলেন, এটি রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। তবে জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং তারা শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে।
সাক্ষাতকালে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার বিষয়ে সরকার যেন বিশেষ নজর দেয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির।
জেএইচআর