আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৫ পিএম
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এই মনোনয়ন নিশ্চিত করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে এই গুরুত্বপূর্ণ আসনে উপনির্বাচনের জন্য বেছে নেওয়া হয়েছে। মনোনয়ন প্রদানের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচন করতে পারলেও কেবল একটি আসনে সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন।
সেই ধারাবাহিকতায় তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ছেড়ে দেওয়া এই শূন্য আসনে এখন রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেএইচআর