আমার সংবাদ ডেস্ক
জুন ২১, ২০২৬, ০৩:৪৫ পিএম
লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদ (ইনু) নেতা মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (২১ জুন) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান রিপন, যিনি মরহুমের আপন ভাগনে।
পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
মুক্তিযুদ্ধের সময় মোশাররফ হোসেন জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু)-এর সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এম জি