আমার সংবাদ ডেস্ক
জুন ২১, ২০২৬, ০৩:৫৯ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা প্রকাশ করা হয়।
আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আলোচিত বিভিন্ন অর্ডিন্যান্সের সম্ভাব্য প্রভাব নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান এবং সুইডেনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।
বৈঠকে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
এম জি