ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ কর্নেল অলির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৪:০৯ পিএম

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ কর্নেল অলির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। একই সঙ্গে তিনি সরকার ও দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে বিদেশি গুপ্তচর থাকার অভিযোগ তুলে সেসব ব্যক্তিকে চিহ্নিত করে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দল আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে কর্নেল অলি বলেন, বাংলাদেশের মধ্যে যারা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছে, তাদের খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের কর্মকাণ্ডের কারণে শুধু সরকার নয়, দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে তারেক রহমানের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তব্যে তিনি বলেন, চারপাশে শত্রু রেখে একটি দেশ পরিচালনা করা সম্ভব নয়। প্রকাশ্যে সমালোচনা করা ব্যক্তিরা প্রকৃত শত্রু নন, বরং যারা সবসময় পাশে থেকে ভুল পরামর্শ দিচ্ছেন, তারাই প্রধানমন্ত্রীর জন্য প্রকৃত হুমকি হয়ে উঠতে পারেন।

অলি আহমেদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত। তার অভিযোগ, সরকার ও দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বিদেশি গুপ্তচররা অবস্থান করছে এবং তারা যেকোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে। এ কারণে তিনি এসব ব্যক্তিকে দল থেকে অপসারণের পরামর্শ দেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে। অর্থনীতির অবস্থাও আশাব্যঞ্জক নয় এবং নতুন বিনিয়োগও আসছে না। এসব কারণে প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে কর্নেল অলি আরও বলেন, ১১ দল সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়; বরং দেশের স্বার্থে বন্ধুর মতো খোলামেলা পরামর্শ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী এসব পরামর্শ বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেবেন, যাতে তিনি ইতিহাসে একজন সফল নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।

এএন
 

Link copied!