নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬, ০৪:১৫ পিএম
নফল ইবাদত হলো আল্লাহর প্রিয় হওয়ার সহজতম পথ। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেছেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এক পর্যায়ে আমি তাকে ভালোবাসতে শুরু করি। আর আমি যখন তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে...( সহিহ বুখারি)।
অর্থাৎ, নফল নামাজ আদায়কারীর প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির ছাঁচে ঢেলে দেওয়া হয়।
কেয়ামতের দিন যখন মানুষের হিসাব নেওয়া হবে, তখন যদি কারো ফরজ নামাজে কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া যায়, তবে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেবেন: দেখো, আমার বান্দার কোনো নফল (নামাজ) আছে কি না।যদি থাকে, তবে তা দিয়ে ফরজের সেই শূন্যস্থান পূরণ করা হবে। (সুনানে আবু দাউদ)।
নফল নামাজ বিশেষ করে সেজদার আধিক্য জান্নাতে মানুষের মর্যাদা বৃদ্ধি করে। হযরত রাবিয়াহ ইবনে কাব (রা.) নবীজিকে (সা.) জান্নাতে তাঁর সাহচর্য পাওয়ার আরজি জানালে নবীজি বলেছিলেন: তবে তুমি অধিক পরিমাণে সেজদা (নফল নামাজ) করে আমাকে সাহায্য করো।(সহিহ মুসলিম)।
নামাজ পড়ার সময় প্রতিটি সেজদায় বান্দার একটি করে গুনাহ মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। নফল নামাজ পড়ার মাধ্যমে মানুষের হৃদয়ের মরিচা দূর হয় এবং আত্মিক প্রশান্তি অর্জিত হয়।
নফল নামাজ বিভিন্ন সময়ের এবং প্রেক্ষাপটের হতে পারে। এর মধ্যে সর্বাধিক গুরুত্ববহ কয়েকটি হলো:
ক. তাহাজ্জুদ নামাজ (সালাতুল লাইল)
ফরজের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। রাতের শেষ তৃতীয়াংশে যখন দুনিয়ার সব মানুষ ঘুমে বিভোর, তখন আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যাওয়া গভীর ইখলাসের পরিচয়। আল্লাহ তায়ালা তাহাজ্জুদ আদায়কারীদের প্রশংসা করে পবিত্র কুরআনে আয়াত নাজিল করেছেন।
খ. ইশরাক ও চাশতের নামাজ (সালাতুদ দুহা)
সূর্যোদয়ের কিছুক্ষণ পর ইশরাক এবং একটু বেলা বাড়লে চাশতের নামাজ পড়তে হয়। হাদিসে এসেছে, চাশতের নামাজ মানুষের শরীরের প্রতিটি জোড়ার সদকা হিসেবে গণ্য হয়। যারা নিয়মিত এই নামাজ পড়ে, তাদের রিজিকের অভাব দূর হয় এবং সারাদিনের কাজের দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নেন।
গ. সালাতুল হাজত (প্রয়োজন পূরণের নামাজ)
মানুষের যখন কোনো বিশেষ প্রয়োজন বা বিপদ দেখা দেয়, তখন সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুআ করাকে সালাতুল হাজত বলে। এটি আল্লাহর সাহায্য চাওয়ার একটি বিশেষ মাধ্যম।
ঘ. তাহিয়্যাতুল মাসজিদ ও ওজুর নফল
মসজিদে প্রবেশের পর বসার আগে দুই রাকাত নামাজ পড়া (তাহিয়্যাতুল মাসজিদ) এবং অজু করার পর দুই রাকাত নামাজ পড়া (তাহিয়্যাতুল ওজু) অত্যন্ত সওয়াবের কাজ। এটি মসজিদের সম্মান এবং ওজুর পবিত্রতাকে পূর্ণতা দেয়।
ঙ. সালাতুত তাসবিহ
এই নামাজের বিশেষ পদ্ধতির মাধ্যমে বান্দার জীবনের সগিরা, কবিরা, নতুন, পুরাতন সব গুনাহ মাফ হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। জীবনে অন্তত একবার হলেও এই নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন নবীজি (সা.)।
নফল নামাজ মানুষকে বিপদে ধৈর্য ধরতে শেখায়। কুরআনে বলা হয়েছে, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আধুনিক জীবনযাত্রায় মানসিক চাপ বা স্ট্রেস কমানোর এক মহৌষধ হলো নামাজ। একান্তে আল্লাহর সাথে কথা বলা (মুনাজাত) মানুষের মনের বোঝা হালকা করে দেয়। পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে নফল নামাজের সূচি মেনে চলা একজন মানুষকে প্রচণ্ড সুশৃঙ্খল করে তোলে।
‘নফল নামাজ যতটা সম্ভব লোকচক্ষুর আড়ালে বা ঘরে পড়া উত্তম। এতে লোকদেখানো বা 'রিয়া'র ভয় থাকে না এবং ইখলাস বৃদ্ধি পায়। ‘অনেক বেশি নামাজ একদিন পড়ে ছেড়ে দেওয়ার চেয়ে অল্প কিন্তু নিয়মিত পড়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সূর্যোদয়, সূর্যাস্ত এবং ঠিক মধ্য দুপুরে সব ধরণের নামাজ পড়া নিষেধ, এটি খেয়াল রাখতে হবে।
নফল নামাজ হলো একজন মুমিনের জন্য বাড়তি পাওনা বা বোনাসের মতো। ফরজ ইবাদত দিয়ে যেখানে গোলামি নিশ্চিত হয়, সেখানে নফল ইবাদত দিয়ে মনিবের বন্ধুত্ব অর্জিত হয়। তাই দিনরাতের ২৪ ঘণ্টার মধ্যে কিছুটা সময় নফল নামাজের জন্য বরাদ্দ রাখা আমাদের ইহকাল ও পরকালের মুক্তির জন্য অত্যন্ত জরুরি।
এএন