মো. জিন্নাতুল ইসলাম
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:২২ পিএম
বিশ্বের সবচেয়ে বড় ই-মেইল সেবা জি-মেইল ব্যবহারকারীরা নতুন এক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। গুগল জানিয়েছে, তাদের প্রায় ২৫০ কোটি ব্যবহারকারী হ্যাকারদের নিশানায় থাকতে পারে।
কেন এই সতর্কতা!
শাইনি হান্টার্স নামের এক হ্যাকার গ্রুপ সম্প্রতি গুগলের সেলসফোর্স ডেটাবেস সিস্টেমে প্রবেশ করেছে বলে ফোর্বস জানিয়েছে। এতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা সংবেদনশীল তথ্য সরাসরি ফাঁস না হলেও ব্যবসায়িক যোগাযোগের তথ্য চুরি হয়েছে। এই তথ্য ব্যবহার করে হ্যাকাররা ভুয়া কল ও ভুয়া লগইন পেজ বানিয়ে প্রতারণা চালাচ্ছে। জি-মেইল ব্যবহারকারীরা এখন ফিশিং (প্রতারণামূলক তথ্য সংগ্রহ) হামলার ঝুঁকিতে রয়েছেন।
ফিশিং আক্রমণ কীভাবে হচ্ছে:
ব্যবহারকারীরা জানিয়েছেন, গুগলের কর্মী পরিচয়ে প্রতারকরা ফোন করে জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে নিরাপত্তা সমস্যা হয়েছে। এই প্রতারণায় হ্যাকাররা ভুয়া “অ্যাকাউন্ট রিসেট” প্রক্রিয়া চালু করে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে এবং পরে প্রকৃত অ্যাকাউন্টধারীকে সিস্টেম থেকে বের করে দিচ্ছে।
গুগল স্পষ্ট করেছে যে, তারা কখনোই ব্যবহারকারীদের ফোনে কল করে নিরাপত্তা সতর্কতা দেয় না। অর্থাৎ কেউ যদি গুগল সেজে ফোন করে, সেটি নিঃসন্দেহে প্রতারণা।
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে- আপনি যদি জিমেইল ব্যবহারকারী হন, তবে এখনই বিশেষ সতর্ক থাকা জরুরি। গুগলের দেয়া ধাপগুলো অনুসরণ করুন। অবিলম্বে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
যদিও ব্যবহারকারীর পাসওয়ার্ড ফাঁস হয়নি, তবু প্রতারণামূলক আক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি গুগলের ইতিহাসে অন্যতম বড় সতর্কবার্তা। তাই ব্যবহারকারীদের এখনই সাইবার সুরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছে গুগল।
জেআই/জেএইচআর