প্রযুক্তি ডেস্ক
জুলাই ৭, ২০২৬, ০৩:৪৫ পিএম
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কন্টাক্ট লিস্টে থাকা কোনো ব্যক্তি অনলাইনে আছেন কি না, তা আরও সহজে বুঝতে পারবেন। অ্যান্ড্রয়েডে পরীক্ষামূলক ব্যবহার শুরু হওয়ার পর এবার নির্বাচিত কিছু আইওএস বিটা ব্যবহারকারীর কাছেও ফিচারটি পৌঁছাতে শুরু করেছে।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারগুলোর তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএসের বিটা ভার্সন ২৬.২৬.১৯.৭২-এ এই সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন আপডেটের ফলে কোনো কন্টাক্ট অনলাইনে থাকলে তার ‘কন্টাক্ট ইনফো’ পেজে প্রোফাইল ছবির নিচের ডান পাশে একটি ছোট সবুজ ডট দেখা যাবে। ব্যবহারকারী অফলাইনে চলে গেলে ওই সবুজ ডট স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফলে কোনো কন্টাক্টের অনলাইন উপস্থিতি দ্রুত দৃশ্যমানভাবে বোঝা সম্ভব হবে।
তবে ফিচারটির বর্তমান সংস্করণে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবুজ রঙের এই অনলাইন ইন্ডিকেটর মূল চ্যাট তালিকা বা চ্যাট ট্যাবে দেখা যাবে না। এটি দেখতে হলে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘কন্টাক্ট ইনফো’ স্ক্রিনে প্রবেশ করতে হবে। ফলে প্রতিবার কারও অনলাইন অবস্থা জানতে অতিরিক্ত একটি ধাপ অনুসরণ করতে হচ্ছে, যা ফিচারটিকে আপাতত কিছুটা সীমিত ব্যবহারযোগ্য করে রেখেছে।
এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে জানায়নি, কবে এই ফিচারটি বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, পূর্ণাঙ্গভাবে চালুর আগে বিটা ব্যবহারকারীদের মাধ্যমে আরও কিছুদিন এর কার্যকারিতা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।
এদিকে, হোয়াটসঅ্যাপ আরেকটি গুরুত্বপূর্ণ ‘ইউজারনেম’ ফিচার নিয়েও কাজ করছে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বর প্রকাশ না করেই ইউনিক ইউজারনেমের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আইনপ্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ইউজারনেম ফিচারটি সবার জন্য চালুর আগে পুনরায় পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। তাদের আশঙ্কা, অসাধু ব্যক্তিরা পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ভুয়া ইউজারনেম তৈরি করে প্রতারণার সুযোগ নিতে পারে। তাই নিরাপত্তা ও অপব্যবহার প্রতিরোধের বিষয়গুলো নিশ্চিত করেই ফিচারটি উন্মুক্ত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।
এএন