স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬, ০৯:১৮ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ইএসপিএন-ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবি-কে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, হয় তাদের ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর (ওয়াকওভার) ঝুঁকি নিতে হবে।
সম্প্রতি আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই-এর নির্দেশে বাদ দেওয়ার পর ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বিরোধিতার অজুহাতে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইসিসি-কে চিঠি দেয়। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
মঙ্গলবার বিসিবি ও আইসিসি-র মধ্যে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। ভেন্যু সরানোর কোনো সুযোগ নেই। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে, তারা আইসিসি-র কাছ থেকে এ ধরনের কোনো চূড়ান্ত আল্টিমেটাম এখনো পায়নি।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে ২০ দলের এই টুর্নামেন্ট শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হওয়ার কথা। বাংলাদেশ রয়েছে 'সি' গ্রুপে। তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে ও ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে খেলা।
বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার বিরোধিতা করে। এর জেরে কলকাতা নাইট রাইডার্স তাদের রেকর্ড মূল্যে কেনা (৯ কোটি ২০ লাখ রুপি) খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের কথা জানালেও এর কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল পাঠাবে কি না, তা নিয়ে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের নজর এখন বিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে।
জেএইচআর