স্পোর্টস ডেস্ক
জুন ১৬, ২০২৬, ১০:৩৫ এএম
ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা এই ফরোয়ার্ডের সামনে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে মেসির এমন সাফল্য আবারও দেখতে আগ্রহী নন ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউক্যাসল ইউনাইটেডের এই সেন্টারব্যাক স্পষ্ট ভাষায় জানান, তিনি চান না মেসি আবারও বিশ্বকাপ জিতুন।
বার্ন বলেন, “মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না বলে আমি মনে করি। ওর ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই রয়েছে। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, তাই এবার অন্য কোনো দল ট্রফি জিতুক সেটাই চাই।”
তার মতে, একই দল বা খেলোয়াড় বারবার শিরোপা জিতলে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক উত্তেজনা কমে যেতে পারে। “মেসি ইতোমধ্যেই ফুটবলের সর্বোচ্চ সাফল্যগুলো অর্জন করেছে। এখন অন্যদেরও নিজেদের প্রমাণ করার সুযোগ পাওয়া উচিত,” বলেন তিনি।
ইংলিশ ডিফেন্ডারের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তিমত্তা এবং মেসির প্রভাবকে মাথায় রেখেই এমন মন্তব্য করেছেন বার্ন।
২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা জল্পনা থাকলেও তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনার নেতৃত্ব দিচ্ছেন এবং দলটির অন্যতম প্রধান ভরসা হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্বকাপ ইতিহাসে মেসির গোলসংখ্যা বর্তমানে ১৩। আর মাত্র চারটি গোল করতে পারলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড অতিক্রম করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়বেন।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
মাঠের লড়াই শুরু হওয়ার আগে ড্যান বার্নের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিলেও, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে মেসি ও তার দল।
এএন