স্পোর্টস ডেস্ক
জুন ১৭, ২০২৬, ১২:১৯ এএম
বিশ্বকাপ অভিযান শুরু করতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের মূল একাদশ একরকম চূড়ান্ত করে ফেলেছেন বর্তমান চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকটি পজিশনে এখনো কিছুটা রহস্য রেখে দিয়েছেন এই মাস্টারমাইন্ড।
আর্জেন্টিনা শিবিরের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে ঘিরে। ডান হাতের অনামিকায় চিড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানো এই তারকা গোলরক্ষক দলের হয়ে কোনো প্রীতি ম্যাচ খেলতে পারেননি। তবে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, চোট কাটিয়ে তিনি এখন পুরোপুরি ফিট এবং আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই পোস্ট সামলাবেন।
রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর খেলা নিশ্চিত। চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডারকে ঘিরেই রক্ষণভাগ সাজাবেন স্কালোনি। তাঁর সঙ্গী হিসেবে লিসান্দ্রো মার্টিনেস থাকছেন। তবে লিসান্দ্রো সেন্টার ব্যাকে খেলবেন নাকি বাঁ প্রান্তে, সেটি এখনো নিশ্চিত নয়। নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে ছিটকে যাওয়ায় স্কালোনির ভাবনায় রয়েছেন নিকোলাস ওটামেন্দি ও ফাকুন্দো মেদিনাও। অন্যদিকে ডান প্রান্তে গনসালো মন্তিয়েল কিছুটা এগিয়ে থাকলেও নাউয়েল মলিনার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মিডফিল্ডে চেনা ছকের ওপরই আস্থা রাখছেন স্কালোনি। রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তারের সঙ্গে আক্রমণভাগকে সাহায্য করার দায়িত্বে থাকবেন থিয়াগো আলমাদা। আনহেল দি মারিয়ার বিদায়ের পর এই পজিশনে আলমাদার ওপরই ভরসা রাখছেন কোচ।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে দেখা যাবে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজকে। গোড়ালি ও পায়ের চোট কাটিয়ে হুলিয়ান আলভারেজ দলে ফিরলেও তাঁকে শুরুর একাদশে না রেখে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাউয়েল মলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্দি/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
জেএইচআর