পিরোজপুর প্রতিনিধি
জুন ১৬, ২০২৬, ০৮:৩৯ পিএম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আনন্দ মিছিলটি পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল থেকে বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রস্তাবিত এই বাজেটকে দেশের ইতিহাসে একটি অনন্য ও ‘জনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন।
সমাবেশে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, ব্যবসায়ীবান্ধব এই বাজেট দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে। ব্যবসায়ীরা এই দূরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। একই সাথে দেশের প্রয়োজনে ব্যবসায়ীরা সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালক হারুন আর রশিদ, এমদাদুল হক মাসুদ, গাজী কামরুজ্জামান শুভ্র, মো. সোহাগ ফকির, মো. আরিফুর রহমান ও মো. মিজান শরীফসহ জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
জেএইচআর