ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতার পর আনচেলত্তিকে নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৪:১৬ পিএম

বিশ্বকাপ ব্যর্থতার পর আনচেলত্তিকে নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও কোচ কার্লো আনচেলত্তিকে সরানোর কোনো পরিকল্পনা নেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। বরং ইতালিয়ান এই কোচের নেতৃত্বেই ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শেষ ষোলো থেকে বিদায়ের পর কোচ পরিবর্তনের আলোচনা শুরু হলেও সিবিএফ তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে।

জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, আনচেলত্তির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। তার নেতৃত্বে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ব্রাজিল। এজন্য ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বকাপ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কায়েতানো বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের স্থিতিশীলতা ধরে রাখা। তার মতে, একটি জাতীয় দলকে সফল করতে ধারাবাহিকতা, পরিকল্পনা এবং ধৈর্য অপরিহার্য। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোচ পরিবর্তনের পথে না গিয়ে বিদ্যমান পরিকল্পনা অনুসারেই এগোতে চায় সিবিএফ।

তিনি আরও বলেন, নতুন বিশ্বকাপ চক্র শুরু হতে যাচ্ছে। এই সময়ে প্রয়োজনীয় সমন্বয় করা হলেও দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনার চিন্তা নেই। ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করে আনচেলত্তির অধীনেই দল গড়ে তোলা হবে। পাশাপাশি জাতীয় দলের জন্য একটি শান্ত ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কায়েতানো জানান, নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর পরাজয়ের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দল। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তারা সবাই এই ফলাফলে হতাশ। তবে তিনি মনে করেন, পুরো টুর্নামেন্টে দলের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং একাগ্রতা ভবিষ্যতের জন্য আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ তৈরি করেছে।

তার ভাষ্য, আনচেলত্তির অধীনে অল্প সময়ের মধ্যেই ব্রাজিল ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বিশ্বকাপ চলাকালে দল ধীরে ধীরে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করেছে এবং টুর্নামেন্টের শেষদিকে এসে সবচেয়ে ভালো ছন্দে পৌঁছেছিল। সেই সময়েই বিদায় নিতে হওয়ায় হতাশা আরও বেড়েছে।

কায়েতানোর বিশ্বাস, ব্রাজিলের সামনে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এবং দলটির লক্ষ্য ছিল ফাইনালে খেলা। যদিও আদর্শ প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, তারপরও গত এক বছরে গড়ে ওঠা ভিত্তি ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলের কোচ হন কার্লো আনচেলত্তি। তার নেতৃত্বেই ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ অংশ পার করে ২০২৬ বিশ্বকাপে অংশ নেয়। শিরোপা জয়ের লক্ষ্য পূরণ না হলেও সিবিএফের বিশ্বাস, দীর্ঘমেয়াদে সাফল্য অর্জনের জন্য আনচেলত্তির নেতৃত্বই সবচেয়ে উপযুক্ত।

সিবিএফের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ২০২৬ বিশ্বকাপের হতাশাজনক ফলাফল সত্ত্বেও আনচেলত্তির ওপর আস্থা অটুট রয়েছে। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তার নেতৃত্বেই নতুন পরিকল্পনায় দলকে এগিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

এএন

Link copied!