স্পোর্টস ডেস্ক
জুলাই ৯, ২০২৬, ০৩:০৫ পিএম
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে মরক্কো। দলের অন্যতম ভরসা এবং চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন মরক্কো দলের প্রধান কোচ মোহাম্মদ উয়াহবি।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উয়াহবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সব ফুটবলার খেলতে প্রস্তুত। তবে তিনি আশাবাদী, এই চোটের কারণে সাইবারিকে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে না। কোচের ভাষায়, ‘সাইবারি ছাড়া সবাই প্রস্তুত। এই ম্যাচটি তার জন্য একটু আগেভাগেই চলে এসেছে। তবে আশা করছি, সে পুরো টুর্নামেন্ট মিস করবে না। আমরা শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই মাঠে নামব।’
শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ২২ মিনিটে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়েন সাইবারি। পরে তার চোটের অবস্থা জানতে একাধিক পরীক্ষা করা হয়। দল বোস্টনে পৌঁছানোর পর এমআরআই রিপোর্টে জানা যায়, চোট গুরুতর নয়। ফলে বিশ্বকাপের বাকি অংশে তার ফেরার সম্ভাবনা এখনো রয়েছে।
চলতি বিশ্বকাপে মরক্কোর আক্রমণভাগের সবচেয়ে কার্যকর খেলোয়াড়দের একজন ছিলেন সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করেন তিনি। নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পট কিকও আসে তার পা থেকে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি সাইবারির জন্য ব্যক্তিগতভাবেও ছিল বিশেষ। দীর্ঘদিন ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের হয়ে খেলার পর গত ১ জুলাই প্রায় ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। এই দলবদলের মাধ্যমে আশরাফ হাকিমির পর মরক্কোর দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলারেও পরিণত হয়েছেন তিনি।
সাইবারির অনুপস্থিতিতে ফ্রান্সের বিপক্ষে আক্রমণভাগে শুরুর একাদশে জায়গা পেতে পারেন কানাডা ম্যাচে বদলি হিসেবে নামা সুফিয়ান রহিমি। তবে কোচ উয়াহবির বিশ্বাস, মরক্কোর শক্তি শুধু একজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরো স্কোয়াডই প্রয়োজনের সময় অবদান রাখতে সক্ষম।
তিনি বলেন, ‘একটি টুর্নামেন্টে অনেক দূর যেতে হলে পুরো দলকে প্রয়োজন হয়। যারা শুরু থেকে খেলছে না, তারাও জানে সুযোগ পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের বেঞ্চের খেলোয়াড়দের সামর্থ্যের ওপর আমরা আস্থা রাখি এবং সেটিই আমাদের আত্মবিশ্বাস জোগায়।’
এদিকে রক্ষণভাগেও স্বস্তির খবর পেয়েছে মরক্কো। সেন্টারব্যাক শাদি রিয়াদের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। নায়েফ আগের্দ শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যাওয়ার পর রিয়াদই ইসা দিয়োপের সঙ্গে নিয়মিত জুটি গড়ে তুলেছিলেন। কিন্তু চোটের কারণে কানাডার বিপক্ষে তিনি খেলতে পারেননি। তার জায়গায় খেলেন রিদওয়ান হালহাল, তবে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই ফ্রান্সের বিপক্ষে রিয়াদের একাদশে ফেরার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। কাতারে সেমিফাইনালে ফরাসিদের কাছে হেরে বিদায় নিলেও ওই আসরে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো।
এএন