নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:২৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদার সঙ্গে সম্পন্ন করার সব প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মরহুমার জানাজা ও দাফন প্রক্রিয়ায় পূর্ণ রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করা হবে।
প্রেস সচিব জানান, আগামীকাল সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই পুরো পথ জুড়ে এবং জানাজাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিএনপিকে যেকোনো প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
শফিকুল আলম আরও জানান, বেগম খালেদা জিয়ার জানাজা বেসরকারি সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করার সুযোগ পাবে। তবে দাফন কার্যক্রমের সংবেদনশীলতা রক্ষায় শুধুমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এটি সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার প্রতিটি প্রক্রিয়া অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি চিরবিদায় নেন।
ইএইচ