আমার সংবাদ ডেস্ক
জুলাই ১২, ২০২৬, ০৫:১৯ পিএম
গত ৪৮ ঘণ্টার টানা অতিভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।
রোববার (১২ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিভারি বর্ষণের কারণে ডিএনসিসির আওতাধীন মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় বিদ্যমান পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে কয়েকটি এলাকায় পানি জমে জনসাধারণের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
ডিএনসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই নিজ নিজ এলাকার জলাবদ্ধ পরিস্থিতির খোঁজ রাখবেন এবং প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। কোথাও জরুরি সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্ট টিমকে জানাতে তিনি অনুরোধ করেন।
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসি ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ড্রেন, নালা ও পানি নিষ্কাশনের পথ সচল রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় পানি জমে আছে, সেখানে দ্রুত পানি সরিয়ে নিতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওয়াটার পাম্প সচল রাখা হয়েছে এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মো. শফিকুল ইসলাম বলেন, অতিবৃষ্টির সময় জলাবদ্ধতার পেছনে কয়েকটি কারণ কাজ করে। এর মধ্যে রয়েছে স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের কারণে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, ড্রেন ও খাল ভরাট কিংবা সংকুচিত হয়ে পড়া, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার ফলে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং পুরোনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ডিএনসিসি খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল-নালা পরিষ্কার এবং আধুনিক পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে। তবে আকস্মিক অতিভারি বৃষ্টির মতো পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীর সম্মিলিত সহযোগিতাও প্রয়োজন।
ডিএনসিসি প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। নগরবাসীর দুর্ভোগ কমানোই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এম জি