আমার সংবাদ ডেস্ক
জুলাই ১১, ২০২৬, ১২:৩৪ পিএম
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে রাত ১১টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার হাতকান্দা নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মো. মহসিন। বিয়ের পর প্রায় আট মাস ধরে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলের পাশের একটি ভাড়া বাসার নিচতলায় স্বামী সাইফুলের সঙ্গে বসবাস করছিলেন।
মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মারিয়ার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বামী সাইফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় একটি দাগও দেখতে পান তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ দেখছে।
এম জি