আরিফ হোসেন, বরিশাল ব্যুরো
আগস্ট ১, ২০২২, ১২:৫১ পিএম
* ঠিকাদারদের বার বার তাগিদ দেয়া হয়েছে: নির্বাহী প্রকৌশলী,বিসিসি
* তড়িগড়ি করে বিল উত্তোলন ছিলো ঠিকাদারদের উদ্দেশ্য: কাউন্সিলর মজিবর রহমান
* নানা জটিলতার কারনে কাজ থেমে আছে: দুই ঠিকাদার
বরিশালে পাঁচ বছরেও শেষ হয়নি প্রায় দুই কোটি টাকার “গার্ডার ব্রিজ নির্মাণ” কাজ। বরিশাল সিটি কর্পোরেশনের দেয়া তথ্য অনুযায়ী, গত ২০১৭ সালের জানুয়ারী মাসে নগরীর ১১নং ওয়ার্ড ত্রিশ গোডাউন এলাকায় “সাগরদী খালের উপর টাউন প্রোটেকশন বাঁধের উপর গার্ডার ব্রিজ নির্মাণ” কাজ শুরু হয়, যার প্রাক্কলিত ব্যয় ১ কোটি ২০ হাজার টাকা ও গৃহীত দর ধরা হয় ১ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৮শ ১৯ টাকা।
(প্যাকেজ নং W-6/BCC-B/61/16) ২০১৭ সালের অক্টোবর মাসে কাজ শেষ করার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫ বছর পরেও অথ্যাৎ ২০২২ সালের প্রায় শেষ দিকে এসেও ব্রিজের উপরের ডালাই দেওয়াই হয়নি।
শুধু ব্রিজের এক অংশ কাজ করা হলেও বাকি রয়েছে বহু কাজ। যার ফলে একদিকে যেমন ত্রিশ গোডাউন এলকায় ঘুরতে আসা বিনোদন প্রেমী সাধারন মানুষের মাঝে প্রকল্প নিয়ে প্রশ্ন জেগেছে।
অপরদিকে সরকারের এতো সুন্দর একটি উদ্যোগ এখনো বাস্তবায়ন না হওয়ায় সচেতন মহল হতাশা প্রকাশ করেছেন। সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে প্রকল্পের তৃতীয় ও চলতি বিল গত ২০১৮ সালের মে মাসের ২২ তারিখে ৯৬ লাখ ৫ হাজার ৫শ ৬৮ টাকা ইতিমধ্যে প্রধান করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল বাসার আমার সংবাদকে জানান, প্রকল্পের দায়িত্বে থাকা দুই প্রতিষ্ঠান মেসার্স রুপালী কনষ্ট্রাকশন এবং এস এইচ এন্টারপ্রাইজ (জেভী)কে বার বার তাগিদ দেওয়া হলেও তারা কেন কাজ করছেনা ঠিক বলতে পারছিনা। তাই এই কাজের কোন অগ্রগতি নেই বলে বলা যাচ্ছে।
তবে মেসার্স রুপালী কনষ্ট্রাকশন এর ঠিকাদার অমল দাস আমার সংবাদকে বলেন, প্রথম অংশ কাজ করার পরে কাজের কোন ফান্ড না থাকায় কাজ বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আমরা কাজ করতে পারিনি।
অপরদিকে এস.এইচ এন্টারপ্রাইজের ঠিকাদার শাহাবুদ্দিন আজাদ বলেন ওই কাজ শুরুর সময়ই গাইড লাইনগত অনেক ভুল ছিলো। তখন সিটি কর্পোরেশনে যারা দায়িত্বে ছিলেন তাদের অনেকেই এখন বদলি হয়েছে।
বিষয়টি নিয়ে নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলন বরিশালের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, নদী ভরাট করে বাধঁ ও সেতু নির্মান করার কারনে সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট মঞ্জুর র্মোশেদ একটি রিট করেন। যার কারনে গার্ডার ব্রিজ নির্মাণ কাজ স্থগিত করেছেন।
এদিকে বিসিসির ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো: মজিবর রহমান জানান, ব্রিজ নির্মান হবে কি করে? প্রকল্পের দুই ঠিকাদার তড়িগড়ি করে কাজ শেষ করতে চেয়েছিলো। তারা (ঠিকাদাররা) কাজ করবে কি? তারা বিল ওঠানোর চিন্তায় অস্থির ছিলো। শুধু তাই নয়, এখানে বেড়িবাঁধ ও ব্রিজ দুটোই আরো ভিতরে নির্মানের কথা থাকলেও তা হয়নি। এই ব্রিজের বিষয়ে পরিবেশ অধিদপ্তরও আপত্তি জানিয়েছেন।
বরিশালের সিনিয়র সাংবাদিক শামিম আহমেদ বলেন, আমি মনে করি ত্রিশ গোডাউনে এই ব্রিজটির নির্মান কাজ পুরোপুরি শেষ হলে সাধারন মানুষ এখানে আরো বেশি বিনোদন মুখি হবে। পরিপূর্নতা পাবে বরিশাল ত্রিশ গোডাউন।
আমারসংবাদ/এআই