বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২২, ০৫:৩৭ পিএম
দিনাজপুর-১ আসনের এমপি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ৩০ লক্ষ মানুষের রক্তের অঙ্গীকারই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।
ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসবকে সার্বজনীন করতেই আজকের এই মিলনমেলা এবং এই সম্প্রীতি হচ্ছে বাংলাদেশের গর্ব বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্যকে যে কোন মূল্যে অটুট রাখতেই আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে ধনগাঁও মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্গোৎসব পরবর্তী আজকের এই পূজা পুনর্মিলনী অনুষ্ঠান প্রমাণ করে বাংলাদেশের সম্প্রীতি দৃঢ়। এই সম্প্রীতিকে বিনষ্ট করবার জন্য এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আঘাত করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার মানুষ অসম্প্রদায়িক মানুষ কঠোর হতে তার নিবৃত্ত করেছে প্রতিরোধ করেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রেমান্দ রায়, সাধারণ সম্পাদক দীপম্ক রাহা বাপ্পি, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায়, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা।
টিএইচ