মাদারীপুর প্রতিনিধি
মে ২১, ২০২৪, ০৫:৩৮ পিএম
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেশিরভাগ ভোট কেন্দ্রগুলো দিনের অধিকাংশ সময় ফাঁকা ছিল।
যতটুকু ভোট পড়েছে তা ছিল শান্তিপূর্ণ। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বসে থেকে অলস সময় পার করেছেন।
জানা গেছে, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোর কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।
সকাল ১০টার দিকে দড়িচর লক্ষ্মিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সর্দার ও তার সমর্থকদের লাঞ্ছিত করে মোটরসাইকেল প্রার্থী তৌফিকুজ্জামান শাহিনের সমর্থকরা।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। লাইনে দাঁড়িয়ে কাউকে ভোট দিতে দেখা যায়নি।
উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ লক্ষ ৮৫ হাজার ১০২ জন ভোটার ছিল। কেন্দ্রে ছিল ৭৩টি। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইসচেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
ইএইচ