ফরিদপুর প্রতিনিধি:
আগস্ট ১৭, ২০২৪, ০৩:৪১ পিএম
ফরিদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রেজাউল পাল (২৭) নামে এক ড্রাম ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার(১৭ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার কানাইপুরে একটি নির্মাণাধীন ফিলিং স্টেশন এর মাটি ভরাট করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।
রেজাউল ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের মোঃ শুকুর পালের বড় ছেলে। এদিকে, পরিবারের একমাত্র উপর্যনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পরেছেন বাবা-মা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্য মোঃ শাহীন আলী জানান, খবর পেয়ে রাত তিনটার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাম ট্রাকটি আগুনে পুড়ছে। উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সঙ্গে ট্রাকের স্পর্শে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। আমরা আগুন নিভিয়ে চালক রেজাউলের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর আঃ সাত্তার মিয়ার জিম্মায় দিয়ে আসি। এ সময় ট্রাকে থাকা আরেকজন গুরতর আহত হওয়ার তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
রেজাউলের প্রতিবেশিরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি এ্যাম্বুলেন্সে এসে রেজাউলের লাশ দিয়ে গেছে। তখন লাশের সঙ্গে ড্রাম ট্রাকটির মালিক ছিলেন। তারা দাফনের সময় আবার আসবেন বলে জানিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, রেজাউল বেশ কয়েকবছর ‘হা মীম’ গ্রুপে কাভার্ড ভ্যান চালক হিসেবে কাজ করছেন। প্রায় মাস ছয়েক আগে বেশি বেতনের আশায় অন্য কোথাও যোগদান করবে বলে সেখান থেকে চাকরি ছেড়ে দেয়। তবে অন্য কোথাও বেশি বেতনের চাকরি না হওয়ায় মাঝে মধ্যে ব্যাটারি চালিত অটো রিক্সা ও ড্রাম ট্রাক চালাতেন। শুক্রবার বিকেলে বাড়ি থকে শহরের টেপাখোলা এলাকার রিয়াজুল ফকিরের ড্রাম ট্রাক চালানোর কাজে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
এ বিষয়ে কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ বা তথ্য আসেনি। অভিযোগ বা তথ্য আসলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বিআরইউ