সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:১৫ পিএম
“আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকার উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে সে প্রমাণ আমি রেখেছি।”
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বলেন, “জালালপুর ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি। বিএনপির প্রতিষ্ঠাতার বাড়িও এই ইউনিয়নে। বিগত স্বৈরশাসকের সময়ে আপনারা ভোট দিয়ে মফিদুল হক লিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে।”
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, “আমি অতীতে ব্যাপক উন্নয়ন করেছি। এ এলাকায় উন্নয়ন অব্যাহত রাখতে হলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। দলের প্রতিটি কর্মীকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়ানো যাবে না। আজ থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উন্নয়নের কথা জানাতে হবে।”
বৃহস্পতিবার সকালে অনুকূল চন্দ্র সৎসঙ্গ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহারাব হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী।
স্বাগত বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
এছাড়া বক্তব্য রাখেন— তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব আল-আমীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি. এম. ফারুক হোসেন প্রমুখ।
সম্মেলনে সভাপতি হিসেবে সরদার সোহারাব হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আসাদুজ্জামান জনিকে নির্বাচিত করা হয়।
ইএইচ