গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৩৩ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বসতবাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে আপন ভাইদের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামের ঘোষ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনন্দ ঘোষ (৪৫)। তিনি সুধীর ঘোষের ছেলে ও একজন স্থানীয় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে আনন্দ ঘোষের সঙ্গে তার ভাই গৌরাঙ্গ ঘোষ (৫২), কালা ঘোষ (৫০) ও যুগল ঘোষ (৩০)-এর বিরোধ চলছিল। রোববার বৃষ্টির সময় এ নিয়ে ফের কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তিন ভাই ও তাদের ছেলে নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ মিলে লাঠি দিয়ে আনন্দ ঘোষকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেএইচআর