মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
ডিসেম্বর ৪, ২০২৫, ০১:৩০ পিএম
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে একদল দুর্বৃত্ত পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি চালিয়েছে। বুধবার রাত আনুমানিক দু’টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমণিষা বাজারের রতন কর্মকার, তপন কর্মকার, উত্তম কর্মকার, ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করে। এরপর তারা রতন কর্মকারের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী ও ছেলে রঞ্জন কর্মকারকে মারধর করে আরও ১০ ভরি সোনা ও ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
রঞ্জন কর্মকার জানান, প্রায় ৮-৯ জনের একটি দল প্রথমে দোকানগুলোতে হামলা চালায়। পরে তারা তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট করে। তার মা গহনা খুলে দিতে দেরি করলে তাকে মারধর করা হয়। রঞ্জন বাধা দিলে তাকেও প্রহার করা হয়। দুর্বৃত্তদের হাতে দুইটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখা গেছে বলে তিনি জানান।
স্থানীয়রা আরও জানান, দুর্বৃত্তরা স্পিডবোট যোগে বাজারে এসে ডাকাতি শেষে গুমানী নদীর ভাটির দিকে পালিয়ে যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছেছে। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
ঘটনার পর পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনূর রহমান, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মনজুরুল আলম ও পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেএইচআর