মেহেরপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:০৪ পিএম
মেহেরপুরের গাংনীর বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কমিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাকেশ (১৫), শয়ন (১৬) এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক অভিক (২৮) সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করেন। শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উপজেলার বামন্দীতে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস আগে স্কুলছাত্র রাকেশ মোটরসাইকেল কিনে দিতে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এবং আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে, তাই পরিবারের সদস্যরা তার চাপাচাপিতে তাকে মোটরসাইকেল কিনে দেয়। রাকেশের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ইএইচ