মেহেরপুর প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৩৬ পিএম
মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে সেনাবাহিনীর বিশেষ তল্লাশিতে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক শকারসহ দুই জামায়াত কর্মী ও চালককে আটক করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে এই চাঞ্চল্যকর আটকের ঘটনা ঘটে। এ সময় (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মোনাখালী গ্রামের সোহেল রানার ছেলে মাইক্রোবাস চালক ইজারুল হক, কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে জামায়াত কর্মী সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শহরের হোটেল বাজার মোড়ে বিভিন্ন যানবাহনে কড়া তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাস হোটেল বাজার মোড়ে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসের ভেতর থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যাকাইভার যন্ত্র, একটি প্লাস, একটি চাইনিজ কুড়াল, ক্যামেরা ও চার্জার উদ্ধার করা হয়।
পরবর্তীতে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং আটককৃত মালামালসহ মাইক্রোবাসটি জব্দ করে।
মেহেরপুর সদর থানার এসআই বিএম রানা জানান, ফোল্ডেবল স্টিক, ইলেকট্রিক শকার, ওয়াকিটকি, ম্যাকাইভার যন্ত্র, প্লাস, চাইনিজ কুড়াল, ক্যামেরা ও চার্জারসহ তিনজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ইএইচ