ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:১৫ পিএম

তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। রংপুর জেলায় বৃহৎ জনসভা করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। 

তারেক রহমানের রংপুর বিভাগে আগমনে পাল্টে যেতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিসেব-নিকেশ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তারেক রহমানের আগমনকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডনসহ অন্যরা। 

এ সময় নেতারা মাঠ পরিদর্শন করে সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেন।

ঢাকা থেকে আসা ‘রাজ সাউন্ড’ এর অপারেটর মেহেদী হাসান বলেন, মঞ্চ, মাঠ এবং মাঠের বাইরে দুইশ মাইক টাঙানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া অতিরিক্ত আরও ২০টি মাইক প্রস্তুত থাকবে।

রংপুর মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আজিজুল ইসলাম বলেন, প্রিয় নেতার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে আসছে।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে।

এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জিয়া সংসদের কেন্দ্রীয় নেতা রাজিব চৌধুরী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রংপুরে আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। রংপুর বিভাগের ৮ জেলা থেকে নেতাকর্মীসহ সাধারণ মানুষ দলে দলে এ জনসভায় অংশগ্রহণ করবেন। তারেক রহমানের আগমনে আমরা অনেক আনন্দিত। 

সাবেক এমপি সাহিদার রহমান জোসনা বলেন, তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই সংস্কার বাস্তবায়ন করবেন। তিনি নারীদের অধিকার রক্ষা ও এগিয়ে নিতে বিশেষ গুরুত্ব দেবেন বলে প্রত্যাশা করছি। আমরা অধীর আগ্রহে তার আগমনের জন্য অপেক্ষা করছি।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার মাধ্যমে রংপুর বিভাগে ভোটের সমীকরণ পাল্টে যাবে। তার আগমনের কারণে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আমরা প্রস্তুতি নিয়েছি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, রংপুর বিভাগে তিস্তা মহাপরিকল্পনাসহ নানা সমস্যা, উন্নয়ন বঞ্চনা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে একাধিকবার কথা হয়েছে। তিনি আমাদের সমস্যা সম্পর্কে অবগত। তিনি জনসভায় রংপুরের উন্নয়নে তার পরিকল্পনার কথা জানিয়ে যাবেন। এ জনসভা সফলভাবে সম্পন্ন করতে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় নিরাপত্তা দিতে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি পুলিশি তৎপরতার কারণে জনসভাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনী সফরে শুক্রবার রংপুরে জনসভাস্থলে যাবার পথে বিকেল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ওইদিন রাতে রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

ইএইচ

Link copied!