যশোর ব্যুরো
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:৪০ পিএম
যশোর শহরের রেল রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘লাইভ বেকারি এন্ড ফাস্টফুড’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দুটি পৃথক ধারায় এই অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক দণ্ড দেওয়া হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত ছিলেন না। তবে কর্মরত কর্মচারীরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর